বিশ্বকাপের মুকুট পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে যারা টুর্নামেন্ট শুরু করেছিল, সেই ফ্রান্স ও ইংল্যান্ডের এখন লড়তে হচ্ছে ব্রোঞ্জ মেডেলের জন্য। হার্ড রক স্টেডিয়ামে আজ রাত ৩টায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। সেমিফাইনালের মহারণে হারের ক্ষত কাটিয়ে সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য দুই দলেরই।
ফুটবল বিশ্বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিকে বরাবরই দলগুলো বিবেচনা করে এমন এক ম্যাচ হিসেবে, যা আসলে কেউ খেলতে চায় না। ইংল্যান্ড কোচ থমাস টুখেল যেমনটা স্পষ্ট করেই বলেছেন, আমাদের বা ফ্রান্সের কোনো খেলোয়াড়ই এই ম্যাচটা খেলতে চায় না। সবাই এখানে আসে বিশ্বকাপ জিততে।
ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশমও সুর মিলিয়েছেন একই সুরে। তবে হতাশা ভুলে ডাগআউটে নিজের ২৭তম তথা শেষ বিশ্বকাপ ম্যাচটি রাঙাতে চান এই ফরাসি মাস্টারমাইন্ড। দীর্ঘ ১৪ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানার আগে দেশমকে একটি জয় উপহার দিতে মুখিয়ে আছে ফরাসিরা। ফরাসি ফুটবলে আলোচনা এখন ওপেন সিক্রেট- দেশমের পর দায়িত্ব নিচ্ছেন তারই সাবেক সতীর্থ জিনেদিন জিদান।
দলের এই বিদায়ী আবহ ছাড়াও ফরাসি শিবিরের নজর থাকবে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দিকে। গোল্ডেন বুট জয়ের দৌড়ে লিওনেল মেসির সমান ৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। তবে অ্যাসিস্টের দিক থেকে কিছুটা পিছিয়ে এই ফরাসি ফরোয়ার্ড। আজকের ম্যাচে গোল পেলে মেসির গড়া বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকবে ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে।
আরএম/কান্ট্রিবিডি









