স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলার অভিযোগে কারাগারে স্ত্রী

ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আকলিমার সাবেক স্বামী আলমগীর হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে আকলিমা তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে ওই মামলার নিষ্পত্তি হয় এবং তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর আকলিমা তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর পেয়ে আলমগীর বাউফলে যান। সেখানে সন্তানের সঙ্গে কথা বলার সময় আকলিমার সহযোগীরা ঘরে প্রবেশ করে তাকে ঘিরে ফেলেন এবং জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে তার বিয়ে সম্পন্ন করান বলে অভিযোগ রয়েছে।

পরে ওই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা আবারও পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে আদালত অভিযোগের সত্যতা না পেয়ে তা খারিজ করে দেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগ এনে হয়রানির অভিযোগে আলমগীর হোসেন আদালতে বিচার প্রার্থনা করলে সংশ্লিষ্ট আইনে আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আদালতের পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted