বিকট বিস্ফোরণের খবর; ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ২টা ৪৮ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হামলার পর লারাক দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, তা নিরূপণের কাজ শুরু করেছে।

তাসনিম জানিয়েছে, হামলার তীব্রতা এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ১০ দিনেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে।

এরই মধ্যে জর্ডানে ইরানের হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা আহত হয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এসব তথ্য এতদিন প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে হতাহত ও আহত সেনাদের বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ, সিএনএন

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted