সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে বনানী ডিওএইচএস থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সন্ধ্যায় আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরবর্তী সময়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেন অন্যতম। তার আটকের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের একজনকে আইনের আওতায় আনা হলো।









