আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে পার্থক্য গড়তে পারে ক্লান্তি ও বিশ্রামের সমীকরণ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে মাঠে নামার আগে দুই দলের প্রস্তুতির চিত্রে রয়েছে স্পষ্ট পার্থক্য। একদিকে ক্লান্তির ধকল, অন্যদিকে বিশ্রাম ও ভ্রমণের হিসাব—সব মিলিয়ে সেমিফাইনালের আগে ভিন্ন সমীকরণে রয়েছে দুই দল।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারাতে অতিরিক্ত সময় খেলতে হয়েছে ইংল্যান্ডকে। তবে সেটিই ছিল চলতি বিশ্বকাপে থমাস টুখেলের দলের প্রথম ম্যাচ, যা ৯০ মিনিটের গণ্ডি পেরিয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনার পথ ছিল অনেক বেশি কঠিন। শেষ ৩২-এ কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে—দুই ম্যাচেই অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

ফলে মাঠে কাটানো সময়ের হিসেবে ইংল্যান্ডের তুলনায় অনেক বেশি ধকল গেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে অতিরিক্ত সময় মাঠে থাকতে হয়েছে, যা সেমিফাইনালের আগে ফিটনেসের প্রশ্নকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্রামের ব্যবধান। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আগে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ফলে সেমিফাইনালের আগে কয়েক ঘণ্টা বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন হ্যারি কেইনরা। টুর্নামেন্টের এই পর্যায়ে এই অতিরিক্ত রিকভারি সময়কে বড় সুবিধা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

পরবর্তী ম্যাচের আগে হাতে চার দিনেরও কম সময় থাকায় আর্জেন্টিনা কোচিং স্টাফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন খেলোয়াড়দের সতেজ রাখা। সেমিফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করাই স্কালোনির অন্যতম প্রধান লক্ষ্য।

তবে ক্লান্তির দিক থেকে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ভ্রমণের হিসাবে চিত্রটা ভিন্ন। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়েছে ইংল্যান্ডকে। টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ভেন্যুতে খেলতে গিয়ে আকাশপথে প্রায় ১৭ হাজার ৫০০ কিলোমিটার ভ্রমণ করেছেন হ্যারি কেইন, বুকায়ো সাকারা।

সব মিলিয়ে সেমিফাইনালের লড়াই শুধু ফুটবলীয় দক্ষতার নয়; ক্লান্তি, বিশ্রাম, ভ্রমণ এবং মানসিক দৃঢ়তার পরীক্ষাও হতে যাচ্ছে। আর প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তখন ইতিহাস, আবেগ ও চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার রেশ এই মহারণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর