দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
রোববার (১২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ঢাকায় ১১ জন, ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে দুজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ৩৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।
পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট হাজার ৩২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ দুই হাজার ৯৩১ জন এবং বরিশালে দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার ১৮১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট সাত হাজার ৫৭০ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২৪৭ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।









