দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী এবং শূন্য পদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য তিনটি পৃথক ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
প্রথম ছকে শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য দিতে হবে। এতে প্রতিষ্ঠানের নাম, টেকনোলজির নাম, শিক্ষক বা কর্মকর্তার নাম ও পদবি, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এবং পদটি ক্যাডার, নন-ক্যাডার, ক্যাডার ফিডার নাকি নন-ক্যাডার ফিডার—এসব তথ্য উল্লেখ করতে হবে। সংযুক্তিতে কর্মরত শিক্ষকদের তথ্য মূল কর্মস্থল থেকেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় ছকে প্রতিটি টেকনোলজির সেমিস্টারভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এবং মোট শিক্ষার্থীর তথ্য দিতে হবে।
তৃতীয় ছকে টেকনোলজিভিত্তিক শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। এতে পদের নাম, অনুমোদিত পদসংখ্যা, বর্তমানে কর্মরত জনবল এবং শূন্য পদের সংখ্যা উল্লেখ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী সব তথ্য এক্সেল শিটে সংযুক্ত করে জরুরি ভিত্তিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে। এই তথ্যের ভিত্তিতে প্রশাসনিক পরিকল্পনা, জনবল ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা হবে।









