ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর, খুজেস্তানসহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ নিয়ে টানা ১১তম দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুশেহরের উপ-গভর্নর ফার্স নিউজকে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলার পর একই দিনে দ্বিতীয় দফায় আবারও মিসাইল হামলা হয়েছে।
এর কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ-গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে।
এদিকে এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমান্ত দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।
চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করলেও সাম্প্রতিক হামলার ঘটনায় সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর খবর পাওয়া গেছে।
সূত্র: ফার্স নিউজ, তাসনিম নিউজ।
জেএইচএম/কান্ট্রিবিডি









