মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের দুই দফা বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর। শ্রীমঙ্গলের মুছাই ও বাহুবলের রশিদপুর এলাকায় পুলিশ পথ আটকে দিলে দীর্ঘক্ষণ বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, তবে নেতারা হবিগঞ্জে যাওয়ার দাবিতে অনড় থাকেন। এই বহরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সার্কিট হাউসে যাওয়ার পথে সবুজবাগ এলাকায় পৌঁছলে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমের ওপর হামলা চালায় একদল যুবক। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন।
পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। রাত ১১টায় সারজিস আলম মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকার উদ্দেশে রওনা হন। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।








