অস্ট্রেলিয়া সফর কঠিন পরীক্ষা, ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য: নান্নু

স্পোর্টস ডেস্ক

আগামী মাসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সফরকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ভালো প্রস্তুতি নিয়ে প্রতিদিন নিজেদের সেরাটা খেলতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথম টেস্টের দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানা ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। তাদের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক। এছাড়া চমক হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। তার অন্তর্ভুক্তির ফলে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের সঙ্গে দলে রয়েছেন অমিত হাসানও।

স্কোয়াড ঘোষণার পর মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।”

তিনি বলেন, “আগাম বলা কঠিন দল কেমন করবে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। প্রস্তুতির জন্য কিছু সময় এবং অনুশীলনের সুযোগও থাকবে। তাই আমি আশা করি, যদিও সফরটি খুবই চ্যালেঞ্জিং, তারপরও আমরা প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারব।”

অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের প্রসঙ্গ টেনে নান্নু বলেন, “অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ—দুই ক্ষেত্রেই তারা বিশ্বসেরা। তাই আমাদের ব্যাটারদের অনেক দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।”

তিনি আরও বলেন, শুধু ব্যাটিং নয়, ম্যাচ জিততে হলে দলের সব বিভাগকেই সমানভাবে পারফর্ম করতে হবে।

“টোটাল টিম পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই ভালো করতে হবে। একটি দিক ভালো করলেই হবে না। এই চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে এবং প্রতিটি খেলোয়াড়কে নিজের সর্বোচ্চটা দিতে হবে,” যোগ করেন বিসিবির এই পরিচালক।

বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ সবসময়ই কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। তবে প্রস্তুতি ম্যাচ, অনুশীলন এবং নতুন-পুরোনো ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেবে—এমন প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর