চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস, ‘কোনো রোগীকে খরচ করতে হবে না’

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরে দেয়াল ধসের ঘটনায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং সরকার তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে বলে আশ্বাস দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিটোরে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের পরিদর্শন করেন। তিনি আহতদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য কোনো রোগীকে কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না। বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা-সামগ্রী সংগ্রহ করতে হলেও তার হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকারের পক্ষ থেকে সেই অর্থ পরিশোধ করা হবে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক প্রয়োজন মেটাতে নগদ অর্থও প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি দেয়াল ধসে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত ছয়জন।

বর্তমানে আহতদের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে আহতদের অবস্থা শঙ্কামুক্ত।

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর