জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি জেলার পাঁচটি উপজেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) সিলেটের ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
প্রশাসন সূত্রে জানা যায়, সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় সন্ধ্যার পরও কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।”
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় এবং সন্ধ্যার পর কর্মসূচি থাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেএইচএম/কান্ট্রিবিডি









