জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, নবনিযুক্ত প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সনদ যথাসময়ে নিয়ামক কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলমকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
জেএইচএম/কান্ট্রিবিডি








