তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় পৌঁছেই তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”
সফরসূচি অনুযায়ী, সার্জিও গর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
জেএইচএম/কান্ট্রিবিডি









