মার্কিন সেনাদের মোবাইলফোনে ধারণ করা ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ইরানকে হামলার লক্ষ্য নির্ধারণ ও ক্ষয়ক্ষতি মূল্যায়নে সহায়তা করছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনার কাছ থেকে মোবাইলফোন জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের হাতে আসা এক চিঠিতে অ্যাডমিরাল কুপার সেনাদের অপারেশনাল নিরাপত্তা (অপসেক) নিশ্চিত করতে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সেনাদের প্রকাশ করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ইরান দ্রুত হামলার সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করতে পারছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, উন্মুক্ত তথ্য থেকেই ইরান কার্যত হামলার ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে নতুন হামলার পরিকল্পনা ও কৌশল নির্ধারণে কাজে লাগতে পারে।
কুপার ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলার সময় ঘটে যাওয়া একটি ঘটনারও উল্লেখ করেন। ওই সময় এক মার্কিন সেনা স্মার্ট চশমায় ভিডিও ধারণ করে পরে তা ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওতে তার অবস্থান এবং আশ্রয় নেওয়ার স্থানও স্পষ্টভাবে দেখা যায়।
রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, জর্ডানে মোতায়েন কয়েকজন মার্কিন সেনাকে শিগগিরই মোবাইলফোন জমা দিতে বলা হতে পারে। তবে এই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যজুড়ে কার্যকর করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত প্রযুক্তি ব্যবহারের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সামরিক সদস্যদের অসতর্ক পোস্ট বা ভিডিও অনেক সময় শত্রুপক্ষের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স
জেএইচএম/কান্ট্রিবিডি









