মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া, এনসিপির রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে এনসিপির নেতারা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
এ সময় সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয়ও মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এনসিপি নেতারা। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল জানান, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে, যা উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে আগামী দিনেও আরও শক্তিশালী হবে।
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।
জেএইচএম/কান্ট্রিবিডি








