গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাও করবে এনসিপি: নাহিদ

ডেস্ক রিপোর্ট

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। গ্যাস সরবরাহ না থাকলেও সাধারণ মানুষকে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহত আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা আলিফের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন।”

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদল-যুবদল চাইলে যে কাউকে মারতে পারে, অথচ তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।”

এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বে চারদিক ছেয়ে গেছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হয়েছে।” তবে তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের কথা বলেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি।

সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “খুব শিগগিরই সরকার জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণকে প্রস্তুত থাকতে হবে। সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেব না।”

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান-এরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, “তারেক রহমান দল ও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন।”

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর