মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোনোভাবেই টাঙ্গাইলে মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে এবং যুবসমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মাদক যুবসমাজ ও ছাত্রসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না।”
তিনি বলেন, সন্তানের লেখাপড়ার জন্য বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার জমি, ফসল বা গবাদিপশু বিক্রি করেও সন্তানের শিক্ষার ব্যয় বহন করে। কিন্তু সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের সব ত্যাগ ও স্বপ্ন নষ্ট হয়ে যায়। এজন্য মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যতের জন্য বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, “মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। এটি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। শিক্ষা সম্প্রসারণ, বৃত্তি কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকার শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করছে।
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, বিদ্যালয় পর্যায়ে কীভাবে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহ করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচএম/কান্ট্রিবিডি









