হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যের নৌপথে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কুয়েত দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করছে। একই সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার রহস্যজনকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

শনিবার (১ আগস্ট) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে শুধু হরমুজ প্রণালিই নয়, আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বন্ধ হয়ে যেতে পারে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপের পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং এমনকি মার্কিন ভোটারদের ওপরও।

এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে শোনা বিস্ফোরণের শব্দ মূলত ড্রোন ধ্বংসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভিযানের ফল। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের খবর প্রত্যাখ্যান করেছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান-সমর্থিত হুতিরা ওই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে প্রদান করা হয়। একই সঙ্গে জাহাজ মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তারা সতর্ক করে বলেছে, কেউ অর্থ দাবি করলে বা তথ্য চাইলে তা যেন বিশ্বাস না করা হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের অন্তত আটটি তেলবাহী ট্যাংকার বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমা উপকূলের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারায়।

ইউকেএমটিওর তথ্যমতে, এ ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটি কোন দেশের পতাকাবাহী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স, আইআরআইবি, ইউকেএমটিও

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর