বন্যা পরিস্থিতি: ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা চায় কারিগরি শিক্ষা অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৩ আগস্টের মধ্যে অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন কোনো প্রতিষ্ঠানের অবকাঠামো বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে প্রতিষ্ঠানের নাম, জেলা ও উপজেলা, ক্ষতিগ্রস্ত স্থাপনার নাম, ক্ষয়ক্ষতির বিবরণ এবং আনুমানিক ক্ষতির পরিমাণ উল্লেখ করে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে।

এছাড়া হার্ডকপির পাশাপাশি ‘নিকস ফন্ট’-এ প্রস্তুত করা সফটকপি জরুরি ভিত্তিতে ই-মেইল (dre.ad2@gmail.com) ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার সঙ্গে সংযুক্ত আরেকটি চিঠিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এসব এলাকায় প্রায় ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দী অবস্থায় ছিলেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার। বন্যা, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে কৃষকদের জন্য সার ও বীজের বিশেষ সহায়তা প্যাকেজ, পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত ২১১ কিলোমিটারের বেশি সড়ক ও বিভিন্ন বেড়িবাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় পুনর্বাসন ও সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর