ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৪ বিভাগে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ সংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় কোনো লঘুচাপ অবস্থান করছে না।

পূর্বাভাস অনুযায়ী, কুশিয়ারা ও সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একই সঙ্গে সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বেড়ে শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার নিচু এলাকাতেও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted