যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ ২৪ ঘণ্টায় চালানো হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুলিশ পোস্টে ইসরায়েলি ড্রোন হামলায় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন নিহত হন।

এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় একই পরিবারের এক শিশুসহ চারজন প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন।

একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উপত্যকার বিভিন্ন এলাকায় এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে রয়েছে। অব্যাহত গোলাবর্ষণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্মীরা অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শত শতবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted