বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কনিকা রানী ওই গ্রামের দিনমজুর দীপক বেপারীর স্ত্রী।
নিহতের স্বামী দীপক বেপারী জানান, দুপুরে খাবার খেয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর স্ত্রীর চিৎকারে তার ঘুম ভাঙে। তখন কনিকা রানী জানান, তাকে সাপে কামড়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার পর কনিকা রানী চোখে ঝাপসা দেখছিলেন এবং চোখের পাতা খুলতে পারছিলেন না। ক্ষতস্থান পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে অ্যান্টিভেনমের অর্ধেক ডোজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান।
ডা. আব্দুল কাদের আরও বলেন, পরীক্ষার ফলাফল ও উপসর্গ বিবেচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনিকা রানীকে বিষধর গোখরা সাপ কামড়েছিল।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নাসির জানান, কনিকা রানী অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। তার স্বামী দীপক বেপারী পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
জেএইচএম/কান্ট্রিবিডি









