হাসিনার দেশে ফেরার ঘোষণা: প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বিষয়টি সম্পূর্ণভাবে একটি আইনি প্রক্রিয়া এবং প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায়ই তা বিবেচনা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা রয়েছে তার।

সাক্ষাৎকারের পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “এই নির্দিষ্ট বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেটি আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ীই পরিচালিত হবে।”

এর আগে মানবতাবিরোধী অপরাধ, হত্যা এবং অন্যান্য মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে ভারত শুরু থেকেই বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যেই বিবেচনার কথা বলে আসছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান ১১টি উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে এসব প্রকল্পের অগ্রগতি থমকে যাওয়ায় সেগুলো স্থগিত হতে পারে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেয় নয়াদিল্লি।

এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং বর্তমানে একই প্রক্রিয়ায় এগিয়ে চলছে।

তিনি বলেন, “বাংলাদেশে আমাদের উন্নয়ন প্রকল্প কর্মসূচিগুলো সম্পূর্ণভাবে দুই দেশের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এখনো সেইভাবেই এগিয়ে চলছে।”

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted