অবৈধ অবস্থানকারীদের কঠোর সতর্কতা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানকারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর অবৈধভাবে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সোমবার (১৩ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার বেশি) জরিমানা করা হতে পারে। পাশাপাশি ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, দেশ থেকে বহিষ্কার (নির্বাসন) এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বৈধ বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইনের সম্ভাব্য লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে। এ জন্য ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানানো যাবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এসব পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ। চলমান এ অভিযানের অংশ হিসেবেই নতুন করে এ সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর