দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে। এর লক্ষ্য ধর্মীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও সম্প্রসারণ করা।
তবে নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া ভ্রমণের আগে নুসুকের মাধ্যমেই ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে অকার্যকর থাকবে। আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।
গৃহকর্মীদের আকামা নবায়নেও নতুন সুবিধা
এদিকে সৌদি সরকার গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট বা আকামা) ইস্যু ও নবায়নের নিয়মেও বড় ধরনের পরিবর্তন এনেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে গৃহকর্মীদের আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় নিয়োগকর্তারা আরও বেশি নমনীয়তা পাবেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম মুসানেদ-এর যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।
সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে আকামা ইস্যু ও নবায়নের কাজ সম্পন্ন করা যাবে।
এছাড়া তিন মাস বা এর গুণিতক মেয়াদের আকামা নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে। ফলে নিয়োগকর্তাদের আর একসঙ্গে এক বা দুই বছরের পুরো ফি পরিশোধ করতে হবে না। প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য ফি পরিশোধ করেই আকামা নবায়ন করা যাবে।
নতুন এই দুই সিদ্ধান্তকে সৌদি আরবে ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং শ্রমবাজারে ব্যয় ব্যবস্থাপনা সহজ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।









