আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলেই জাতীয় দলকে বিদায় জানাতে পারেন তিনি।
ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাতে পর্তুগালের এক এজেন্ট জানিয়েছেন, ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু হোসে আলভালাদে স্টেডিয়ামে।
এর মধ্য দিয়ে সমর্থকরা শেষবারের মতো পর্তুগালের জার্সিতে রোনালদোকে মাঠে দেখতে পারেন।
রোনালদোর বিদায়ের সম্ভাব্য সময়টি মিলেছে পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ জর্জ জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গেও। সম্প্রতি চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া জেসুস জানিয়েছেন, শুরুতেই দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।
ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, “অনেকে হয়তো ভাবছেন, নতুন কোচ এসেই অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। যারা এবার ডাক পাননি, তাদের দলে আনার মতো সময়ও আমার হাতে নেই।”
তার এই অবস্থানকে রোনালদোর জন্য সম্মানজনক বিদায়ের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যানের দিক থেকে অনন্য। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সিতে ২৩৩টি ম্যাচ খেলেছেন এবং ১৪৬টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।
জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
রোনালদোর সামনে এখন সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। এখন পর্যন্ত তার মোট গোলসংখ্যা ৯৭৬। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ক্লাব ফুটবলে সেই স্বপ্ন পূরণেই মনোযোগ দেবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
জেএইচএম/কান্ট্রিবিডি









