গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে মোছা. রিম্পা (২১) নামে তিন মাসের সাজাপ্রাপ্ত এক নারী বন্দি পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ ও কারা কর্তৃপক্ষ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা নামে এক নারী আসামি পালিয়ে যান। শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
কারা সূত্রে জানা যায়, পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজা ভোগ করছিলেন তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিম্পাকে কারাগারের ভেতরে খুঁজে পাওয়া না গেলে কর্মকর্তা ও কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে ব্যাপক তল্লাশি শুরু করেন। পরে তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে তিনজন আসামিকে লকআপে নেওয়ার কথা থাকলেও সেদিন তা করা হয়নি। এই সুযোগে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, “আমরা ওই আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি নিয়ে ব্যস্ত আছি। বিষয়টি তদন্তাধীন। পরে বিস্তারিত জানানো হবে।”









