কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। পরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা ডলফিনটির মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেন।

রোববার (১২ জুলাই) দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যানসংলগ্ন সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভেসে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং পরে যথাযথভাবে মাটি চাপা দেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও এখনো নিয়মিত এমন ঘটনা ঘটছে। এ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানকে কার্যকর গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে উপরা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। ডলফিন রক্ষা মানেই উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। মৃত ডলফিনটি যথাযথভাবে মাটি চাপা দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের কোনো সমস্যা সৃষ্টি না হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর