ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে পাট কাটতে গিয়ে বজ্রপাতে নিহত বাবা ও ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করা হয়েছে নিহতদের স্বজনদের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মহব্বতপুর গণেশপাড়া গ্রামে গিয়ে নিহত আনোয়ার গণেশ ওরফে প্রভু এবং তার ছেলে নিমাই গণেশের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

সহায়তার অংশ হিসেবে নিহত আনোয়ার গণেশের স্ত্রীকে ২০ হাজার টাকা এবং নিহত নিমাই গণেশের স্ত্রীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া পরিবারের জন্য শুকনো খাবারও প্রদান করা হয়।

এ সময় ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে প্রাথমিকভাবে দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৫ হাজার টাকা করে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, “একটি পরিবারের উপার্জনক্ষম বাবা ও ছেলেকে একসঙ্গে হারানো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তাদের এই দুঃসময়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। ভবিষ্যতেও পরিবারের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু শোয়েব খান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মহব্বতপুর গণেশপাড়া গ্রামে বাড়ির পাট কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার গণেশ ওরফে প্রভু এবং তার ছেলে নিমাই গণেশ। একসঙ্গে পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারটি।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর