সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির প্রয়াত চারবারের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় তাড়াশ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. সরদার আফসার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। তিনি বলেন, “মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন গণমানুষের নেতা ও জনকল্যাণে নিবেদিত একজন রাজনীতিবিদ। তিনি দল ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং প্রয়াত নেতার ছেলে, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।
বক্তারা বলেন, আব্দুল মান্নান তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ত্যাগ ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলোচনা সভায় জানানো হয়, আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল কাটারমহল এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নকালে রাজনীতিতে যুক্ত হন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ঠিকাদারি পেশায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার ২০২৫ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর ছেলে রাহিদ মান্নান লেনিন দেশবাসীর কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









