সরকারি দল বিএনপির নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা বা নিরীহ মানুষের ওপর নির্যাতনের মতো অপকর্মে জড়িত থাকেন, তবে এর দায় প্রধানমন্ত্রী তারেক রহমানকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায় আপনাকেই নিতে হবে।’
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেব না।’
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারাই বলুন, বাংলাদেশে সমস্যা আছে কি নেই?’ তিনি অভিযোগ করেন, সংসদে বলা হয় দেশে মাঝে মাঝে বিদ্যুৎ গেলেও সেটিকে লোডশেডিং বলা হয় না। লোক দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সারজিস বলেন, কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতাসীন যেই দলই থাকুক না কেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। তাই বিবেক বিসর্জন না দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয় বা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা দেখব না কে সরকারে আছে বা তাদের অবস্থান কী ছিল।’ এ সময় তিনি সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সরকারের প্রতি।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সারোয়ারও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আগে বলা হতো খাম্বা আছে, বিদ্যুৎ নেই। এখন বলা হচ্ছে বিদ্যুৎ আছে, খাম্বা নেই।’ একই সঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ৮০০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়ে গেছেন, পরে শেখ হাসিনাও পালিয়েছেন। আর কোনো শাসক এভাবে পালিয়ে যাননি।’
আওয়ামী লীগের উদ্দেশে তুষার সারোয়ার বলেন, ‘আওয়ামী লীগ করেন, সমস্যা নেই। তবে নতুন করে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনাদের নেতা বিদেশে আরামে জীবনযাপন করছেন, আর দেশের গরিব মানুষকে বোমাবাজিতে ব্যবহার করছেন।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।









