দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও নতুন প্রজন্মকে খেলাধুলামুখী করতে প্রথম ধাপে ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এই তালিকায় প্রথম সারিতেই থাকবে নারায়ণগঞ্জ।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত স্পোর্টস ভিলেজগুলোতে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে, যাতে দেশের ক্রীড়াবিদরা আধুনিক পরিবেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে কাজ করছেন। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে এনে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার বিষয়েও কাজ চলছে।”
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, “জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাদের মাঠে ফিরিয়ে আনতে বিকেলের খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের যেসব এলাকায় খালি জায়গা রয়েছে, সেখানে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের ৩০০ সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা যায়।
প্রতিমন্ত্রীর ভাষ্য, আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টার মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা এবং টাইব্রেকারেও দুই দল সমান সংখ্যক গোল করায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় প্রশাসন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।









