নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবি (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল। এসময় অভিযুক্ত রবিউল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিছুসময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের ভেতরে তাকে কাথা দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্বজনরা। তবে ঘরের ভেতর থেকে অভিযুক্ত রবিউল পালিয়ে যায়।
এরপর শিশুটিকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আসিফ আকবার পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রবিউল শিকদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।









