পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, বদলি ও পদায়ন একাধিক ডিআইজি-এসপি

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া গত ২৮ জুনের প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাতিল করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে কয়েকজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এবং বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ নিশ্চিত করতেই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এ রদবদল আনা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর