বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে করা তার সংক্ষিপ্ত ওই মন্তব্য নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে শামারুহ মির্জা লিখেন, “পুরো তিন জেলায় (ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর) একজন যোগ্য নারী নাই? আমি নির্বাচনী প্রচারণার সময় প্রচুর যোগ্য নারীকে দেখেছি, এরা কই?”
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই দলীয় রাজনীতিতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আবার কেউ কেউ বিএনপির বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করা নারী নেত্রীদের মূল্যায়নের দাবি জানান।
এদিকে, শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা হয়।
এ বৈঠকের প্রেক্ষাপটেই শামারুহ মির্জার ওই ফেসবুক পোস্টটি আসে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। যদিও তিনি তার পোস্টে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সিদ্ধান্তের নাম উল্লেখ করেননি।
পোস্টটি প্রকাশের কিছু সময়ের মধ্যেই সেটি শত শতবার শেয়ার হতে থাকে। অনেক নেতাকর্মী ও সমর্থক পোস্টটির মন্তব্যে নিজেদের মতামত তুলে ধরেন।
কেউ লিখেছেন, দীর্ঘদিন ধরে রাজপথে থাকা অনেক নারী নেত্রী এখনো মূল্যায়ন পাননি। আবার কেউ মন্তব্য করেছেন, যোগ্য নারীদের সামনে আনার সময় এসেছে।
কিছু নেতাকর্মী দাবি করেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নারী নেত্রীরা অনেক সময় সাংগঠনিক পদে প্রত্যাশিত গুরুত্ব পান না। অন্যদিকে কেউ কেউ বলেন, দলে নারী নেতৃত্ব আরও শক্তিশালী হলে সাংগঠনিক কার্যক্রমও আরও গতিশীল হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, দলীয় রাজনীতিতে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শামারুহ মির্জার মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং যোগ্য নারী নেতৃত্বকে সামনে আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
আরএম/কান্ট্রিবিডি









