২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, বৃত্তির বিভিন্ন ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তুলে ধরা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
যেভাবে জানা যাবে ফলাফল
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়।
পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর পার্বত্য তিন জেলায় বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।









