ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বাবা ও ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা মো. রাসেলের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর