বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের শেষ অধ্যায়ের মঞ্চ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বসতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহাফাইনাল। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ইতিহাস, রেকর্ড ও কৌশলের লড়াইয়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এই মহারণে।
এবারের ফাইনালটি বিশ্বকাপ ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। দুই মহাদেশের সেরা দুই দলের এই লড়াই বিশ্ব ফুটবলে যোগ করেছে নতুন মাত্রা।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই কোচের সম্পর্ক। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন উয়েফা প্রো লাইসেন্স কোর্স করছিলেন, তখন স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার প্রশিক্ষক। এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছেন সেই গুরু ও শিষ্য।
ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ইতিহাসে সপ্তম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে নামছে। একই সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন।
উত্তর আমেরিকার মাটিতে আর্জেন্টিনার সাফল্যের স্মৃতিও উজ্জ্বল। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ঠিক ৪০ বছর পর আবারও উত্তর আমেরিকার মাটিতে ইউরোপের আরেক শক্তিশালী প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ট্রফির লড়াইয়ে নামছে আলবিসেলেস্তেরা।
এবারের ফাইনালে আরেকটি ঐতিহাসিক পরিসংখ্যানও অক্ষুণ্ন থাকছে। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচের অধীনে কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এবারও নিজ নিজ দেশের কোচের নেতৃত্বেই শিরোপার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন।
সব মিলিয়ে ইতিহাস, রেকর্ড, কৌশল, আবেগ ও বিশ্বজয়ের স্বপ্নে মোড়ানো এক মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। গুরুর অভিজ্ঞতা নাকি শিষ্যের পরিকল্পনা—শেষ পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে, সেই উত্তর মিলবে মহারণের শেষ বাঁশি বাজার পরই।









