লঘুচাপের প্রভাবে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

ডেস্ক রিপোর্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীজুড়ে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ঢাকার স্বাভাবিক জনজীবন। কয়েক ঘণ্টার টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর, মালিবাগ, কারওয়ান বাজার, শান্তিনগর ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেক সড়ক ছোটখাটো খালে পরিণত হওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আষাঢ়ের শেষভাগে দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর বজ্রপাতসহ শুরু হয় ভারী বর্ষণ। লঘুচাপের প্রভাবে হওয়া এই টানা বৃষ্টিতে নগরজীবনে নেমে আসে স্থবিরতা।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসফেরত মানুষ। গণপরিবহনের সংকটে অনেককে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। বৃষ্টির কারণে যানজটও বেড়ে যায় বিভিন্ন সড়কে।
এদিকে বৃষ্টির তোড়ে বিপাকে পড়েছেন দিনমজুর, হকার ও রিকশাচালকসহ শ্রমজীবী মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের দৈনন্দিন আয়ও ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী অন্তত চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর