সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জাতীয় পার্টি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মাইকযোগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এইচ এম এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে।

এছাড়া বেলা ১১টায় রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে এইচ এম এরশাদের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানেও দিনব্যাপী কোরআন তেলাওয়াত, এইচ এম এরশাদের ভাষণ প্রচার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার শাসনামলে দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ, মুক্তিযোদ্ধাদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে স্বীকৃতি, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন, ঢাকার বেড়িবাঁধ নির্মাণ এবং যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণসহ নানা সিদ্ধান্ত আলোচিত হয়।

১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই বৃহত্তর রংপুর জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। মৃত্যুর পর নেতাকর্মী ও সমর্থকদের দাবির মুখে তাকে রংপুর নগরীর পল্লী নিবাসে দাফন করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। পরে পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন। ২০১৯ সালের ১৪ জুলাই ৯০ বছর বয়সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর