শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের যাত্রায় বাধা দেয়। এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
প্রায় এক ঘণ্টা পর, সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। আন্দোলনকারীদের একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার পক্ষে মত দেন, কেউ শিক্ষা ভবনের দিকে যাওয়ার প্রস্তাব করেন, আবার কেউ বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার দিকে যাওয়ার কথা বলেন। এ নিয়ে কিছু সময় মতভেদ দেখা দিলেও পরে আলোচনা শেষে শিক্ষা বোর্ডমুখী পদযাত্রার সিদ্ধান্ত হয়।
এরপর বড় একটি দল ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজারের উদ্দেশে পদযাত্রা শুরু করে। তবে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে কিছু সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা বলতে দেখা যায়।
এদিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেওয়ার পর ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন গন্তব্যের দিকে যেতে শুরু করে এবং আশপাশের এলাকাগুলোর যানজটও কমতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।









