স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জয়ে আনন্দ প্রকাশ করে সেজদা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আকবর হোসেন ওরফে জনি (২৩) নামে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রিফাত (২৪) ও মো. আব্দুল্লাহ (২৫)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত সোমবার ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের গাংকুলহাটি স্কুল মাঠে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জয় উদ্‌যাপন করতে গিয়ে আকবর হোসেন জনি আল্লাহর দরবারে সেজদা দেন। এ সময় একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ, আব্দুল আউয়ালের ছেলে রিফাত এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে মারধর করেন।

মারধরে গুরুতর আহত আকবর বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আকবর কনিকাড়া গ্রামের প্রতিবন্ধী শাহনূর মিয়ার ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, অভিযুক্তরা আর্জেন্টিনা দলের সমর্থক। স্পেনের জয়ের পর আকবর সেজদা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা তার ওপর হামলা চালায়।

আহতের চাচা মাওলানা আনোয়ার বলেন, “স্পেনের জয়ের পর আকবর সেজদা দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। সে একজন প্রতিবন্ধী। তার বাবাও প্রতিবন্ধী। বিষয়টি জানার পরও তার ওপর এভাবে নির্যাতন করা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর