স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষকে আনন্দিত করেছে: ইরান

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই জয়ের পর দেশটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান দাবি করেছে, স্পেনের এই সাফল্য বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্বাধীনতাকামী মানুষদেরও আনন্দিত করেছে।

সোমবার (২০ জুলাই) তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরান এ মন্তব্য করে।

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে সংঘাতের বিরোধিতা করায় সাম্প্রতিক মাসগুলোতে স্পেন সরকার ও দেশটির জাতীয় ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপেরও সমালোচনামূলক অবস্থান নিয়েছিল স্পেন।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইসরায়েলের অনেক রাজনীতিবিদ ও সমর্থকও। রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

স্পেনের এই সাফল্যের পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, “ফিলিস্তিনিদের পক্ষে খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদা সেই (স্পেন) বুদ্ধিমান ও সম্মানীয় জাতির অন্যতম বৈশিষ্ট্য।”

তিনি আরও বলেন, “এই জয় কেবল স্পেনের জনগণের হৃদয়কেই স্পর্শ করেনি, বরং বিশ্বের বহু স্বাধীন, সার্বভৌম ও ন্যায়বিচারকামী মানুষের হৃদয়কেও আনন্দিত করেছে।”

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের সার্বিক অবস্থান এবং তাদের জাতীয় ফুটবল দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান ছিল।”

সূত্র: আল জাজিরা।

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর