আওয়ামী স্বৈরাচারের পতন হলেও তাদের অনুসারীদের অস্ত্রের ঝনঝনানি ও রক্তপাত এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় দেওয়া এক শোক ও নিন্দা বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনা স্বৈরাচারের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তবে খুন-জখমের মাধ্যমে আওয়ামী লীগের লুটপাটের রাজত্ব আর কখনো ফিরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গত বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ পৈশাচিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি মিঠামইন উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি জাহাঙ্গীরের ছিল অবিচল আস্থা। তাঁদের নেতৃত্বে পরিচালিত সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় জাহিদুল আলম জাহাঙ্গীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, তিনি অবিলম্বে জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।









