দেশে হামের ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। মৃতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৩৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
টিকা নিতে অনাগ্রহে বাড়ছে সংক্রমণ
এদিকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকা গ্রহণে অনাগ্রহ এবং টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে।
গত প্রায় চার মাস ধরে দেশে প্রতিদিনই হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।
হাম সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
ডব্লিউএইচওর হিসাবে, এ সময়ে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম।
বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৭ জন। তৃতীয় স্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫২১ জন। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—মেক্সিকো (১২ হাজার ৪৯৫), পাকিস্তান (১১ হাজার ৩৭), ক্যামেরুন (৯ হাজার ৬৫৩), কাজাখস্তান (৭ হাজার ৭৩০), গুয়েতেমালা (৬ হাজার ৮৩২), অ্যাঙ্গোলা (৬ হাজার ৮১৫) এবং সুদান (৫ হাজার ৭৬৬)।
চলতি বছরের শুরু থেকেই দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দ্রুত বাড়তে থাকে। তবে স্বাস্থ্য অধিদফতর আনুষ্ঠানিকভাবে গত ১৫ মার্চ থেকে সংক্রমণের তথ্য প্রকাশ করছে। হামের বর্তমান পরিস্থিতির জন্য টিকাদান কার্যক্রমে অবহেলাকে দায়ী করছে সরকার।
জেএইচএম/কান্ট্রিবিডি









