দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল, আর চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। অন্যদিকে, ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩২৯ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭১ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৩৫০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১৩৮ জন।
অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৯৭৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮ হাজার ১২২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২৯ জন ডেঙ্গু রোগী।









