৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা

ডেস্ক রিপোর্ট

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী কন্যাশিশুকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া এলাকার ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফা মনি কবিতা (৭ মাস)। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে পরিবারটি তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করছিল। অভিযুক্ত বাবা কবির হোসেন পেশায় একজন রিকশাচালক।

শিশুটির মা লিমা জানান, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির হোসেন তার কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দেন। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির মৃত্যু হয়।

লিমার অভিযোগ, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদকও সেবন করতেন। এসব বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে আছাড় মারার তথ্য পাওয়া গেছে। পরে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর