ময়মনসিংহের ফুলপুরে খরিয়া নদী সংলগ্ন আমুয়াকান্দা ব্রিজ থেকে পুরাতন ডাকবাংলা বাইপাস সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির পাশে গবাদিপশু জবাইয়ের ফলে রক্ত, মলমূত্র, নাড়িভুঁড়িসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন সকালে কয়েকটি গরু জবাই করায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গন্ধের কারণে অনেকেই নাক চেপে সড়কটি দিয়ে চলাচল করেন।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশের এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে কাজিবাড়ী জামে মসজিদে তাবলিগের জামাত আসতেও অনাগ্রহ প্রকাশ করে। পাশাপাশি নতুন ভাড়াটিয়ারাও অল্প সময়ের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
স্থানীয় মুরব্বি আলহাজ জৈমত আলী, সাইফুল ইসলাম, কাজী ইমরান, শোভন, আবুল কাশেম ও আব্বাস আলীসহ এলাকাবাসী দ্রুত সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সংস্কারের জন্য পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের মতে, মাত্র ৩০০ থেকে ৪০০ ফুট সড়ক সংস্কার করা হলে পুরাতন ডাকবাংলা এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে বাসস্ট্যান্ডের ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওই বাইপাস সড়কের পাশে পুনর্বাসন করা গেলে শহরের যানজটও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ বিষয়ে ফুলপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, “সড়কটি সংস্কারের পরিকল্পনা ছিল এবং এ জন্য প্রায় ৮ লাখ টাকা বরাদ্দও রাখা হয়েছিল। কিন্তু সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কাজটি বাস্তবায়নে আরও বেশি অর্থের প্রয়োজন। পরে ওই অর্থ আমুয়াকান্দা মোড় এলাকায় পুকুর ভরাট ও বাস-বে নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখনো পৌরসভার জন্য কোনো উন্নয়ন বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
জেএইচএম/কান্ট্রিবিডি








