বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে সাধারণ বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে শুধু বন্ধুত্বের পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত অংশীদারিত্বে রূপান্তর করা প্রয়োজন।”
তিনি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি তাদের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান ‘ককাস অব আমেরিকা’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংসদীয় কূটনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শরণার্থী পরিবার, বন্যাকবলিত জনপদ এবং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের স্বার্থ সংরক্ষণ করা।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।”
ড. মো. ওসমান ফারুক এমপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ককাস অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রতিনিধি রয়েছেন। তারা হলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), এমপি এবং মিস মারদিয়া মমতাজ, এমপি। তাদের অংশগ্রহণ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গঠনমূলক সংসদীয় কূটনীতি পরিচালনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।









